ছবির ক্যাপশন: জনসভায় বক্তব্যে টিপু
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এ দেশের মানুষ জানে, এ দেশের সঙ্গে শেখ পরিবার দুর্নীতি ও বেইমানি ছাড়া আর কিছুই করেনি।” দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
টিপু বলেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
এর আগে একই ধরনের কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, মসজিদ-মাদ্রাসা ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ ও বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল কালামও বক্তব্য দেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।